প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:২২ AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে মুখ খুলেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, সবকিছু খুলে বললে অনেকের প্যান্ট খুলে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এসব মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, বিএনপির কিছু সিনিয়র নেতার সন্তানরা ক্রিকেট বোর্ডে আসতে চেয়েছিলেন দেশ ও জাতিকে কিছু দেওয়ার উদ্দেশ্যে। তবে কিছু লোকের মন্তব্যে মনে হচ্ছে, রাজনীতিবিদ বা তাদের পরিবারের সদস্যদের ক্রীড়া সংগঠক হওয়া যেন হারাম। তিনি আরও বলেন, নির্বাচন করতে চাওয়া প্রার্থীরা অত্যন্ত যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী এবং সার্বিকভাবে ক্রিকেটে অবদান রাখতে চেয়েছিলেন।
তিনি অভিযোগ করেন, বর্তমানে ‘কিংস পার্টি’ এবং একজন উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বিভিন্ন জেলায় তাদের দলের নির্বাচিত কাউন্সিলর নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ বোর্ডে নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টা হিসেবে তিনি বর্ণনা করেছেন। ইশরাক হোসেন শেষ করেন, বিএনপির পরিবারের সদস্যরা ১৭ বছর ধরে বৈষম্যের শিকার হলেও, শীঘ্রই তাদের যথার্থ ভূমিকা বিসিবিতে দেখতে পাওয়া যাবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ