প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:৪৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিব বলেছেন, “আমি নেতা হতে চাই না, দ্বীপ হাতিয়ার সন্তান হিসেবে মানুষের পাশে থাকতে চাই।”
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় বিভিন্ন পূজামণ্ডপ ও কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে একাত্মতার বার্তা দেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী রাজিব বলেন, “রাজনীতি ও প্রতিশ্রুতির মধ্যে কোনো ফাঁক থাকবে না। আমি হাতিয়ার পরিবর্তনের ধারক হতে চাই। হাতিয়ার মানুষ পরিবর্তন চায়, আমি স্বচ্ছ, দায়বদ্ধ ও গণমুখী রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে সেই পরিবর্তনের অংশ হতে চাই।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সম্প্রীতি রক্ষায় কাজ করেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সংকটে থাকা বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার উন্নয়নে তিনি অঙ্গীকারবদ্ধ বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওয়াদার, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিএস জাকের পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুর রহমান, সাবেক আহ্বায়ক আরেফিন আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা আরিফ, নলচিরা ইউনিয়নের ছাত্রনেতা শরিফুল ইসলাম আজাদসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তানভীর উদ্দিন রাজিবের সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ ও সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। তরুণ প্রজন্মের উত্থান ও পরিবর্তনের আকাঙ্ক্ষার যুগে তার স্বচ্ছ ও দায়িত্বশীল রাজনীতি হাতিয়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয়দের আশা, তার উদ্যোগ কেবল নির্বাচনী প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে না; বাস্তবায়িত হলে হাতিয়া সত্যিই পরিবর্তনের পথে এগিয়ে যাবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ