প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:৩৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমরা একটি বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি। আগামী আঠারো মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছি। জনগণ যদি আমাদের রায় দেয়, তবে শিল্প কারখানার শ্রমিকদের হারানো কর্মসংস্থান ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। দেশী ও বিদেশী শিল্প কারখানায় কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি বাস্তবায়নের জন্য দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আইন পাস করতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া এ ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয়।”
বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পুজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে দানবীর রণদা প্রসাদ সাহার পুজামণ্ডপে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আমীর খসরু। শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।
এ সময় উপস্থিত ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বজরায় চড়ে লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পুজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় নবমীর আরতি নৃত্য উপভোগ করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ