টি-টোয়েন্টি মানেই চমক। আবার সেটি যদি হয় ভারত-পাকিস্তানের মাঝে তাহলে তো কথাই নেই! এশিয়ার দর্শকেরা তখন অপেক্ষা করে বাঘ এবং সিংহের লড়াইয়ের। ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি মানুষের পছন্দ টি-টোয়েন্টি। এবার সেই চমকে অলরাউন্ডার র্যাংকিংয়ে ভারতের হার্দিক পান্ডিয়াকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন পাকিস্তানের সাইম আইয়ুব।
আজ বুধবার (১ অক্টোবর) আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র্যাংকিংয়ে এ তথ্য জানা গেছে।
র্যাংকিং-এ দেখা যায়, চার ধাপ এগিয়ে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে আসেন পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব। আর এক ধাপ নেমে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় হার্ড হিটার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
এশিয়া কাপ ২০২৫-এ ব্যাটিংয়ে হতাশাজনক পারফরম্যান্স করলেও বোলিংয়ে সাইম ছিলেন অসাধারণ। সাত ম্যাচে তিনি ৮ উইকেট নিয়েছেন, গড় ১৬ এবং ইকোনমি মাত্র ৬.৪০।
অন্যদিকে, ভারতের ব্যাটিং লাইনআপে হার্দিকের খুব বেশি প্রয়োজন হয়নি। বল হাতে ৬ ম্যাচে তিনি মাত্র ৪ উইকেট নিয়েছেন এবং চোটের কারণে ফাইনালেও খেলতে পারেননি।
এছাড়া বাংলাদেশের ব্যাটার সাইফ হাসান তো বড় লাফ দিয়েছেন। চোখ ধাঁধানো ব্যাটিংয়ে টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকায় ৪৫ ধাপ এগিয়েছেন এই ওপেনার। ৫৫৫ রেটিং নিয়ে তার অবস্থান ৩৬তম।
এদিকে ভারতীয় অলরাউন্ডারকে পেছনে ফেলায় বেশ উচ্ছ্বাসিত দেখা যায় পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুবের ভক্তদের। তারা তাদের প্রিয় খেলোয়ারকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।