প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:৫০ পিএম

ময়মনসিংহের ভালুকায় এক প্রবাসীর বসতভিটা ও পারিবারিক কবরস্থানের জমি দখলের চেষ্টা এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৌদি প্রবাসী আনছারুল হক (৪০) বাদী হয়ে ১০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন—রাজৈ এলাকার মৃত আত্তস আলীর ছেলে আ. আজিজ মন্ডল (৬০), মৃত আ. কাদেরের ছেলে লিটন মন্ডল (৪৮), মৃত আ. রহমানের ছেলে ইসমাইল হোসেন মেঘু (৫৮), মন্নাছের ছেলে আ. খালেক (৫৩), মৃত রজব আলীর ছেলে রফিকুল ইসলাম রবি (৫০), আ. খালেকের ছেলে সবুজ (৩৩), মৃত আ. রহমানের ছেলে নবি হোসেন (৫২), ইসমাইল হোসেন মেঘুর ছেলে সোহেল মিয়া (৩৫), মৃত মন্নাছের ছেলে আ. মালেক (৫১) এবং মৃত আ. রহমানের ছেলে মনির হোসেন (৪৮)।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘ ২৫ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন আনছারুল হক। দেশে না থাকার সুযোগে অভিযুক্তরা তার বসতভিটা ও জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। ছয় মাস আগে দেশে এসে তিনি বসতভিটা ও পারিবারিক কবরস্থানে বাউন্ডারি নির্মাণ শুরু করলে অভিযুক্তরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভাঙচুর চালায়। এ সময় নির্মাণাধীন বাউন্ডারির পিলার ভেঙে প্রায় এক লাখ টাকার ক্ষতি করে এবং প্রবাসী পরিবারকে খুন-জখম ও উচ্ছেদের হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্ত আ. আজিজ মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, “সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। চাঁদা দাবি কিংবা ভাঙচুরের বিষয়টি সত্য নয়।”
আনছারুল হক অভিযোগে আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, যেকোনো সময় তার পরিবার ও সম্পত্তির ক্ষতি হতে পারে।
অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে জমির কাগজপত্রসহ থানায় হাজির হতে বলে। আনছারুল হক তার কাগজপত্র জমা দিলেও অভিযুক্তরা হাজির হয়নি।
ভালুকা থানার ওসি হুমায়ুন কবির বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/এনআর