প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০০ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ৯:০৩ PM

সংগৃহীত ছবি
খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে গুইমারার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম।
ডিসি বলেন, এখানে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। রাষ্ট্র ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। আহত ও নিহত সবাইকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
তিনি আরও বলেন, আন্দোলনকারীদের ৮ দফা দাবির মধ্যে ইতোমধ্যে ৭টি দাবি চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা কার্যক্রম জেলা প্রশাসনের পর্যবেক্ষণে চলছে।
নিরাপত্তা বাহিনী সবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলেও তিনি জানান।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা ও পুলিশ সুপার আরেফিন জুয়েল।
স্বদেশ প্রতিদিন/শাহো