প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৬ AM

জামালপুর-৩ আসনে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ঘোষণা বিএনপি নেতার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় মেলান্দহের ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির একাংশ আয়োজিত কর্মী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ মেলান্দহ-মাদারগঞ্জবাসীর সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, “আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি মেলান্দহ-মাদারগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই, দারিদ্র্যমুক্ত জীবন গড়তে চাই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। জনগণের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই, বরং তাদের সেবা করাই হবে আমার একমাত্র লক্ষ্য।”
তিনি আরও বলেন, বর্তমান সরকারের স্বেচ্ছাচারী নীতির কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র মেরামত এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। এসময় দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শুভ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তিনি।
৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহুল আমীন, যুবদল নেতা মাসুদ মেম্বার, মিস্টার আলী, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিশু, সাবেক জেলা ছাত্রদল নেতা এসএম রমজান আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক আমানুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, মেলান্দহ পৌর যুবদলের সদস্য শাহাদুল্লাহ, মুখলেসুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, ওলামায়ে কেরাম ও নারীসহ সহস্রাধিক জনসাধারণ। সবার অংশগ্রহণে কর্মী সমাবেশটি শেষে জনসভায় রূপ নেয়।