প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৮:৫৪ PM

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভিসা নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এর মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে থাকা প্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ী এবং মেধাবীদের আকৃষ্ট করা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে এগিয়ে নেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (আইসিপি) এ ঘোষণা দিয়েছে।
নতুন সংস্কারের অংশ হিসেবে চারটি ভিজিট ভিসা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে এআই বিশেষজ্ঞ ভিসা, বিনোদন ভিসা, অনুষ্ঠান ভিসা এবং ক্রুজ জাহাজ কর্মীদের জন্য ভিসা। প্রতিটি ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ও শর্তাবলী নির্ধারণ করা হয়েছে, যা আবেদনকারীদের জন্য স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। বিশেষত যারা পেশাগতভাবে ইউএই–তে আসতে চান তাদের জন্য ভিসা প্রক্রিয়াকে সহজ করা হয়েছে।
এআই বিশেষজ্ঞ ভিসার ক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের স্পন্সর থাকতে হবে। বিনোদন ভিসা কেবলমাত্র বিনোদনমূলক ভ্রমণকারীদের জন্য। অনুষ্ঠান ভিসা দেওয়া হবে উৎসব, প্রদর্শনী, কনফারেন্স, ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, তবে আয়োজক প্রতিষ্ঠানের চিঠি প্রয়োজন হবে। আর ক্রুজ জাহাজ কর্মীদের জন্য থাকবে একাধিকবার প্রবেশের সুযোগ, যেখানে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান জামিনদার হবে এবং ভ্রমণ পরিকল্পনা জমা দিতে হবে।
এছাড়া পুরনো কিছু ভিসার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। ট্রাক চালকদের জন্য একক বা একাধিকবার ভ্রমণের সুযোগ রাখা হয়েছে, তবে অবশ্যই পরিবহন ব্যবসায় জড়িত প্রতিষ্ঠানের স্পন্সর লাগবে। রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ড ভিসায় আত্মীয় বা বন্ধু আনার ক্ষেত্রে জামিনদারের আয় নির্দিষ্ট করা হয়েছে—আত্মীয়ের জন্য ৪ থেকে ৮ হাজার দিরহাম এবং বন্ধুর জন্য ১৫ হাজার দিরহাম। ব্যবসা স্থাপনের ভিসায় উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বা বিদেশে ব্যবসার অভিজ্ঞতা প্রমাণ করতে হবে।
বিশেষ মানবিক ভিসা ব্যবস্থাও রাখা হয়েছে। যুদ্ধ, দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতায় আক্রান্ত দেশের মানুষদের জন্য এক বছরের আবাসন অনুমোদন দেওয়া হবে। একইভাবে স্বামী মারা গেলে বা বিবাহবিচ্ছেদ হলে বিদেশি নারীরা নির্দিষ্ট শর্তে স্পন্সর ছাড়াই বসবাসের অনুমতি পাবেন। সন্তানদের আইনগত তত্ত্বাবধায়ক হলে মা জামিনদার হওয়ার সুযোগও থাকছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ