প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম

বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জঁ-মার্ক সেরে-শারলে। তিনি পূর্ববর্তী রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।
সোমবার ফ্রান্স দূতাবাস তাদের ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানায়। বার্তায় রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত ফরাসি নাগরিকদের প্রতিও তিনি উষ্ণ শুভেচ্ছা জানান।
শিক্ষাজীবনে তিনি ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রশাসনিক শিক্ষাপ্রতিষ্ঠান ইকোল ন্যাশনাল ডি’অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কূটনৈতিক জীবনে তিনি জাতিসংঘে ফ্রান্সের প্রতিনিধি হিসেবে ছয় বছর নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের উপ-পরিচালক হিসেবেও কাজ করেছেন।
রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার আগে তিনি ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেল ছিলেন। এর বাইরে তিনি মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতিমন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং নয়াদিল্লিতে উপমিশনপ্রধানের দায়িত্ব পালন করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ