প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২১ পিএম

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে তিনটি প্রকল্পে ঋণ ও অনুদান হিসেবে মোট ২৯ কোটি ৯৬ লাখ ডলার প্রদান করবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬২৯ কোটি টাকা। সোমবার (২৯ সেপ্টেম্বর) এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং এই চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রথম প্রকল্পে খুলনা শহরে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ১৫ কোটি ডলার ঋণ এবং ৪ মিলিয়ন ডলার অনুদান প্রদান করা হবে। প্রকল্পটি সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য পানি সরবরাহ সম্প্রসারণ এবং শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির লবণাক্ততা মোকাবিলায় টেকসই পাইপলাইন ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এডিবি জানিয়েছে, এটি ১৭.৮ মিলিয়ন মানুষকে নির্ভরযোগ্য ও স্থায়ী পানি সরবরাহ করবে।
দ্বিতীয় প্রকল্পে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর অঞ্চলের বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের মান, দক্ষতা এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য ৯.১ কোটি ডলার বরাদ্দ থাকবে। প্রকল্পটি স্মার্ট প্রযুক্তি একীভূতকরণের মাধ্যমে টেকসই ও ডিজিটাল রূপান্তর চালাবে, জরুরি আশ্রয়কেন্দ্র ও সৌর ব্যাকআপ সিস্টেম স্থাপনের মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধি করবে এবং বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিদ্যুৎ-ভিত্তিক জীবিকার সুযোগ তৈরি করবে।
তৃতীয় প্রকল্পের আওতায় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় এবং স্থানীয়দের সহায়তার জন্য ৫ কোটি ৮৬ লাখ ডলার অনুদান দেওয়া হবে। এডিবি জানিয়েছে, এটি পূর্ববর্তী সহায়তার ওপর ভিত্তি করে বাস্তুচ্যুত ও স্থানীয় সম্প্রদায়ের স্থিতিশীলতা এবং সামাজিক সংহতি বৃদ্ধিতে সহায়তা করবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই প্রকল্পগুলো জলবায়ু-সহনশীল, টেকসই এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়কে ক্ষমতায়নের মাধ্যমে আঞ্চলিক বৈষম্য মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ