প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১১ পিএম

ফাইল ছবি
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে নানা ধরনের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, দেশবিরোধী যেকোনো মাস্টারপ্ল্যান বা অশুভ উদ্যোগ ব্যর্থ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, পাহাড়ে সাম্প্রতিক অশান্ত পরিস্থিতি, গার্মেন্টস খাতে অস্থিরতার লক্ষণ, এই সময়ে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিটি ঘটনার পেছনে একটি চক্র সক্রিয় রয়েছে, যা মানুষকে উদ্বেগ ও উৎকণ্ঠায় ফেলছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সর্বদা শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে কাজ করতে চায়। তবে ১৮ কোটি মানুষকে যদি উদ্দেশ্যমূলকভাবে হুমকির মুখে ফেলার চেষ্টা হয়, তারা বসে আঙুল চুষবে না।
স্বদেশ প্রতিদিন/শাহো