প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে রবিবার (২৮ সেপ্টেম্বর) একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারী গির্জায় বেপরোয়াভাবে গুলি চালানোর পর ভবনে অগ্নিসংযোগ করেন, যার ফলে ভবনটিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়। রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য পবিত্র ‘মাস’ উপলক্ষে চার্চে প্রার্থনার আয়োজন ছিল, সেখানে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে। তিনি থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০), মিশিগানের বার্টন শহরে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা, এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখায় ইরাকে দায়িত্ব পালন করেছেন।
হামলায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং ৮ জন আহত হন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, পরে চার্চের অভ্যন্তরে আরও দুজনের মরদেহ পাওয়া যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা ঘটার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে পুলিশ উপস্থিত হয়ে স্যানফোর্ডকে গুলি করে হত্যা করে।
হামলার মোটিভ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ তার বাসস্থান ও ফোন রেকর্ড পরীক্ষা করছে। উল্লেখ্য, এই হামলার মাত্র ১৪ ঘণ্টা আগে নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরের একটি পানশালায়ও বন্দুক হামলা ঘটেছিল, যেখানে অন্তত ৩ জন নিহত ও ৫ জন আহত হন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ