প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম

সংগৃহীত ছবি
৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১১ কেজি ওজনের এক ঢাই মাছ।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।
জানা যায়, ভোরে দৌলতদিয়ার চরকর্ণেশনা এলাকায় পদ্মা নদী থেকে জেলে কবির হলদারের জালে মাছটি ধরা পরে। এরপর তিনি মাছটি ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, “গত ১১ সেপ্টেম্বর ২২ কেজির একটি ঢাই মাছ ১ লাখ ৪ হাজার টাকায় কিনে বিক্রি করেছি। আজ আবার ১১ কেজির একটি ৪৪ হাজার টাকায় কিনে মোবাইল ফোনে যোগাযোগ করে কেজিতে ২০০ টাকা লাভে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।”
তিনি আরো বলেন, “খুলনার এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে বিক্রি করে মাছটি পাঠিয়ে দিয়েছি। ঢাই মাছ খুবই সুস্বাদু, যার কারণে দাম একটু বেশি।”
এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা। এছাড়াও মাছটি নিয়ে এলাকা জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা।