প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম

সংগৃহীত ছবি
আশ্বিনী পূর্ণিমার পূর্বের ৪ দিন এবং অমাবস্যার পরের ৩ দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ এবং সারা দেশে ইলিশের প্রাপ্যতা, মূল্য ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এ অভিযান।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরিদা আখতার জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ এর অধীনে Protection and Conservation of Fish Rules, ১৯৮৫-এর Rule ১৩ অনুযায়ী পরিপক্ক ইলিশ যাতে নিরাপদে ডিম দিতে পারে তা নিশ্চিত করার জন্য, সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক ১৪৩২ (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর, ২০২৫) পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং বিমান বাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করবে। এসময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
স্বদেশ প্রতিদিন/শাহো