প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫২ পিএম

সংগৃহীত ছবি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, শেখ হাসিনার মোদি প্রীতি এদেশের জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে। মোদি কখনও বাংলাদেশের ভালো চায়নি। যে কারণে আমরা ভারতের হিন্দুদের বিরুদ্ধে নই, ভারতবাসীর বিরুদ্ধেও নই। কিন্তু বর্তমানে ভারতে যে সরকার আছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। যারা ভারতের দালালি করবে আমাদের তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে।
রবিবার বিকালে কুমিল্লার চান্দিনায় উপজেলা এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্ণেল (অব.) অলি আহমেদ চলতি দুর্গা পূজা নিয়ে বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এখন দুর্গা পূজা চলছে, আপনারা পাহারা দেন। কারণ সংখ্যালঘুরা আমাদের আমানত।
পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে তিনি বলেন, পিআর মানে কি? আমরা মনে করি পিআর হচ্ছে প্রাইভেট রিলেশন। এদেশে কোন প্রাইভেট রিলেশন হবে না। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাবে। আর আপনার ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি সংসদ সদস্য হয়, মন্ত্রী হয় তার মাধ্যমে আপনি সরকারে অংশগ্রহণ করেছেন। প্রাইভেট রিলেশন হলে আপনার কোন অংশগ্রহণ থাকবে না।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি শাখাওয়াত হোসেন সাক্কু।
এসময় উপস্থিত ছিলেন এলডিপি প্রেসিডিয়াম সদস্য এড. ড. আওরঙ্গজেব বেলাল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রিয় কমিটির সভাপতি আমান সোবান, গণতান্ত্রিক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান, নারায়ণগঞ্জ জেলা এলডিপি সভাপতি বিল্লাল হোসেন।
সম্মেলনে একেএম সামছুল হক মাস্টারকে সভাপতি, অধ্যক্ষ আবুল কাশেমকে সিনিয়র সহ-সভাপতি, শাহজাহান সিরাজ চেয়ারম্যানকে সহ-সভাপতি, অধ্যক্ষ আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা এলডিপি’র কমিটি ঘোষণা করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর