প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৪ পিএম

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। থানা সূত্রে জানা যায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পদুয়ারপাড় গ্রামের মিয়াজী বাড়িতে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে কামরুল (৫০)-কে তার নিজ বাড়ির উঠান থেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কামরুলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় কামরুলের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং-৫৯, তারিখ-২৮/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আজ সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, "মাদক সমাজ ও দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযানের মাধ্যমে আমরা এলাকায় মাদক ব্যবসায়ীদের দমন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।"
স্বদেশ প্রতিদিন/এনআর