প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৬ AM

রেকর্ড দামের পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। বিশেষ করে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) কমানো হয়েছে ১ হাজার ৮৯০ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আগামীকাল রবিবার থেকে এই নতুন দাম কার্যকর হবে।
শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম কমে হয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, যা কমানো হয়েছে ১ হাজার ৮০৮ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা (কমানো হয়েছে ১,৫৪০ টাকা)। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দামও কমে হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা, যা কমানো হয়েছে ১ হাজার ৩০৬ টাকা।
স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রূপার প্রতি ভরি দাম ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট রূপার দাম ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট রূপার দাম ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ২ হাজার ২২৮ টাকা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম