প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৪ AM

কুড়িগ্রামের রৌমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সরেজমিন পরিদর্শন করে জানা যায়। স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা এ ঘটনায় থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটে।
দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিত্যক্ত জায়গায় স্থানীয় যুবকরা খেলাধুলা করতো। অন্যদিকে ওই মাঠে কোন ফসলাদি না থাকায় গরু চড়ানো হতো। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় ফলজ ও বনজ চারা রোপণের নির্দেশ দেয়। গত মাসে শতাধিক মেহগণি, আমসহ বিভিন্ন ফলজ চারা লাগানো হয়। তবে কিছু স্থানীয় যুবক ওই চারাগুলো লাগাতে বাধা দেয়।
সর্বশেষ বৃহস্পতিবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক গাছ কেটে পাশের পুকুরে ফেলে দেয়। এতে আনুমানিক অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মো. ফারুক আহমেদ বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী গাছগুলো লাগানো হয়েছিল। শুক্রবার সকালে এসে দেখি প্রায় ৫০টি গাছ কেটে ফেলা হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, “পরিবেশ ও মানুষের কল্যাণের জন্য রোপিত গাছগুলো কেটে ফেলা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি থানায় জানানো হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
স্বদেশ প্রতিনিধি/ আরএফ