প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম আপডেট: ২৬.০৯.২০২৫ ৭:২৪ PM

সংগৃহীত ছবি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেছেন, “নির্বাচনের পূর্বেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে, অন্যথায় ‘জুলাই যোদ্ধাদের’ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার সুযোগ থেকে যাবে।”
এসময় তিনি অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতির মাধ্যমে ভোট হলে আর কখনো দিনের ভোট রাতে গুনে ফলাফল পাল্টে দেওয়া সম্ভব হবে না। দুর্নীতিমুক্ত নির্বাচন নিশ্চিত করতেই পিআর পদ্ধতি প্রয়োজন। একটি ছোট শিশুও পিআর পদ্ধতি বুঝতে পারে, অথচ বিএনপি সেটা বুঝতে পারছে না। কারণ তারা জনপ্রিয়তা হারিয়ে হতাশ হয়ে পিআর ব্যবস্থাকে ভয় পাচ্ছে।’
সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে ‘জুলাই জাতীয় সনদের’ ভিত্তিতে ৫ দফা দাবি উপস্থাপন করেন। তারা বলেন, ‘নির্বাচন যেন জনমতের প্রতিফলন ঘটে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হয়, তা নিশ্চিত করতে হবে।’
এর আগে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাগড়াছড়ি মুক্তমঞ্চে এসে জমায়েত হন। পরে চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে পরিণত হয়। মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে এলাকাটি।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, খাগড়াছড়ি সদর উপজেলা জামায়াত আমির মো. ইলিয়াছ, জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুস সাত্তারসহ অন্যান্যরা।
স্বদেশ প্রতিদিন/শাহো