প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম

বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ইউএনডিপির সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি প্রতিনিধি দলকে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ বিভিন্ন কার্যক্রম দেখান।
বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ইউএনডিপির উদ্যোগে বিভাগীয় শহরগুলোতে আয়োজিত সেমিনারে অংশ নিচ্ছেন প্রধান বিচারপতি। এরই ধারাবাহিকতায় সর্বশেষ বরিশাল বিভাগে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও জানান, প্রধান বিচারপতি আদালতের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে, ইউএনডিপির প্রতিনিধি দল বাংলাদেশে গরিব ও দুস্থ মানুষের বিচার প্রক্রিয়া সহজতর হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টায় নগরীর হোটেল গ্রান্ডপার্ক হলরুমে ইউএনডিপি আয়োজিত “জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি” শীর্ষক সেমিনারে যোগ দেন প্রধান বিচারপতি। সেমিনারে ইউএনডিপির প্রতিনিধি দল ছাড়াও বিভাগের জেলা ও দায়রা জজ, অন্যান্য বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর