প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে মৎস্য সংরক্ষণ অভিযান চালিয়ে ১২টি অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি। জব্দের সময় জালের মালিক কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জব্দকৃত জালগুলো উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জব্দকৃত জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ১২ মিটার এবং এর বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকার বেশি।
অভিযানে পুলিশি সহায়তা দেন পাঁচবিবি থানার সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মাসুম এবং মৎস্য অফিসের অফিস সহকারী মো. মাহমুদুল হাসান।
মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি বলেন, ‘অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিতভাবে চলবে। দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম