প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম

সংগৃহীত ছবি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সামসেন রোডের একটি অংশ হঠাৎ দেবে গিয়ে ভাজিরা হাসপাতালের সামনে তৈরি হয়েছে ১৬০ ফুট গভীর ও প্রায় ১০০ ফুট প্রশস্ত বিশাল একটি গর্ত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নিরাপত্তার স্বার্থে ভাজিরা ও সাংঘির মধ্যবর্তী এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় দুসিত বিভাগ।
থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, ধসের ফলে সড়ক ও টানেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কারে অন্তত এক বছর সময় লাগতে পারে। বুধবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনার কথা জানান তিনি।
ম্যাস র্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। জানা গেছে, গর্তের কারণে পাঁচতলা বিশিষ্ট সামসেন থানা ঝুঁকিতে পড়েছে। থানার কয়েকটি ভূগর্ভস্থ ফাউন্ডেশন পিলারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অবস্থার অবনতি ঠেকাতে ভাজিরা সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ করে ৩ হাজার ৫০০ রোগীকে আশপাশের ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও হাসপাতালের মূল ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। আশপাশের বাসিন্দাদেরও নিরাপত্তার জন্য সরে যেতে বলা হয়েছে।
গর্তে ইতোমধ্যে দুটি বৈদ্যুতিক খুঁটি ও পুলিশের একটি গাড়ি পড়ে গেছে বলে জানিয়েছে মেট্রোপলিটন ইলেকট্রিসিটি অথরিটি (এমইএ)। এ ছাড়া ধসের সময় একটি পানির পাইপ ভেঙে যায় এবং বিদ্যুৎ-পানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ করা হয়।
ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ত জানান, গর্তটি মূলত হাসপাতাল রেলস্টেশনের ওপর সৃষ্টি হয়েছে। পাশের টানেলে মাটি ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে মাটির অবস্থা ও আশপাশের অবকাঠামো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সূত্র: ব্যাংকক পোস্ট
স্বদেশ প্রতিদিন/শাহো