
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩দিনের কর্মসূচী ঘোষণা
আবারো এক স্কুল শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে খাগড়াছড়িতে। সেই ক্ষোভ আর বিচারের দাবী গড়িয়েছে রাজপথে। খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় অষ্টম শ্রেণির এক পাহাড়ি ছাত্রী দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী উত্তাল হয়ে উঠে খাগড়াছড়ি।
এ ঘটনায় বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।
একইসঙ্গে, স্কুলছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ি শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে। জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বুধবার সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজের গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তমঞ্চে উক্যেনু মারমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে আগামীকাল ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ এবং ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দেওয়া হয়। একই সাথে ২৬ তারিখ পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের প্রতিবাদে খাগড়াছড়িতে মহাসমাবেশের ঘোষণা দেয় সংগঠনটি।
সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধি উক্যেনু মারমা, সুমন চাকমা, আকাশ ত্রিপুরা ও কৃপায়ন ত্রিপুরা বক্তব্য রাখেন। সমাবেশে অভিযোগ করা হয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গতকাল রাতে গণধর্ষণ করা হয়। পাহাড়ে বিচারহীনতার কারণে নারী ধর্ষণ চলমান রয়েছে বলে অভিযোগ তোলেন।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, এজাহার পাওয়ার পর সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেছেন।
খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল (১৯) নামে একজনকে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন যুবক কিশোরীকে গণধর্ষণ করে। পরে খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১১টার দিকে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করে তাকে স্থানীয়রা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।