প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২১ পিএম

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যবিপ্রবি উপাচার্য
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, আন্তর্জাতিক পরিসরে যবিপ্রবির অর্জন ঈর্ষণীয়। কৈশোর পেরিয়ে যৌবনে পা দেওয়া বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় ইতোমধ্যে বিশ্ব র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সকল শুভানুধ্যায়ী ও বিদ্যানুরাগীদের পাশে থাকার আহ্বান জানান।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে “শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে” সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপাচার্য সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান।
সূচনা বক্তব্যে তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত শহিদ ও আহতদের স্মরণ করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে বলেন, যোগদানের পর থেকে ছাত্র-ছাত্রীদের দাবি পূরণের পাশাপাশি একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। যবিপ্রবি-কে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরিত করা এবং শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করা তার মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে ন্যাশনাল কনফারেন্স, উচ্চশিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন অব্যাহত থাকবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে র্যাগিং ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করা হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য বৃত্তি এবং রিসার্চ ফেলোশিপ চালু করা হয়েছে। সেন্টার ফর ট্রেইনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (সিটিএসডি) যাত্রা শুরু করেছে এবং যশোর শহরে শাখা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া ইনোভেশন অ্যান্ড স্টার্ট-আপ সাপোর্ট সেল ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) গঠন করা হয়েছে।
উপাচার্য সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যবিপ্রবির আয়তন মাত্র ৩৫ একর হলেও দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়টিকে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য নতুন ভূমি অধিগ্রহণের প্রয়োজন। তিনি সকলের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের প্রশ্ন ও পরামর্শ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচকভাবে গ্রহণ ও লিপিবদ্ধ করা হয়।