প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম

বলিউডের কিংবদন্তি শাহরুখ খান ৩৩ বছরের ক্যারিয়ারের পর অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মান অর্জন করেছেন। ‘দিওয়ানা’ থেকে ‘ডানকি’ পর্যন্ত তিন দশক ধরে বলিউডে অভিনয় করে আসা শাহরুখের ঝুলিতে এই জাতীয় স্বীকৃতির অভাব ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হন শাহরুখ খান। এই পুরস্কার তাকে তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পান শাহরুখ।
শাহরুখের পরিচিতি বলিউডে আসার আগেই ছোট পর্দায় শুরু। ১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রইস’, ‘পাঠান’সহ বহু সিনেমার মাধ্যমে প্রমাণ করেছেন তিনি কেবল তারকা নন, একজন পরিণত অভিনেতা।
সমালোচকদের মতে, শাহরুখের অভিনয়ে থাকে আবেগ, আন্তরিকতা, বুদ্ধিমত্তা এবং নিজস্ব ক্যারিশমা। দর্শকের সঙ্গে তার সংযোগ কেবল চরিত্রের মধ্য দিয়ে নয়—তিনি হয়ে উঠেছেন এক অনুভূতি, এক অভ্যাস। ৩৩ বছরের দীর্ঘ যাত্রার পর জাতীয় স্বীকৃতি যেন তাঁর প্রতি সময়ের ঋণশোধ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ