প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৯ পিএম

যুক্তরাজ্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একদিন পর লন্ডনে ফিলিস্তিনি দূতাবাসের বাইরে পতাকা উত্তোলন করা হয়েছে। এটি ব্রিটেনের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট পতাকা উত্তোলনের সময় বলেন, পতাকার রঙের অর্থ হলো— কালো শোকের জন্য, সাদা আশা, সবুজ ভূমির জন্য এবং লাল জনগণের ত্যাগের জন্য। তিনি বলেন, স্বীকৃতি ঐতিহাসিক ভুল সংশোধন এবং স্বাধীনতা ও মানবাধিকারের ভিত্তিতে ভবিষ্যতের প্রতিশ্রুতি।
জোমলট উল্লেখ করেন, গাজা ও পশ্চিম তীরের জনগণকে অনাহার, বোমা হামলা, ধ্বংস এবং নিপীড়নের মধ্য দিয়ে হত্যা করা হচ্ছে। তিনি এটিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সহিংসতা ও জমি দখলের সাথে তুলনা করেছেন।
রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এই পদক্ষেপকে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
স্বীকৃতি শুধুমাত্র প্রতীকী নয়, বরং এটি মধ্যপ্রাচ্য রাজনীতিতে বিশেষ করে দ্বি-রাষ্ট্র সমাধান এবং ইসরাইল-ফিলিস্তিন বিরোধে বিশ্বনেতাদের জন্য একটি বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ সংকেত।
স্বদেশ প্রতিদিন/ আরএফ