প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম

সংগৃহীত ছবি
সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনেই প্রবাসীরা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার (২০৩ কোটি ১০ লাখ ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ডলার। অর্থাৎ এ বছর তুলনামূলকভাবে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের ২১ দিন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৬ দশমিক ৯৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ বেশি।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল প্রায় ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, আর আগস্টে এসেছিল ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার। চলতি মাসের প্রবণতা অব্যাহত থাকলে সেপ্টেম্বরেও রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।