প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম

কুলাউড়ায় ২১৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। উপজেলায় মোট ২১৫টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সার্বজনীন মণ্ডপ রয়েছে ২০০টিরও বেশি। পূজার নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন।
গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে পূজার প্রস্তুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনা, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মহি উদ্দিন। এতে বক্তব্য দেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সেনাবাহিনীর ক্যাপ্টেন মিছবাহুল ইসলাম, কুলাউড়া থানার ওসি (তদন্ত) শামীম আখঞ্জি, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় পূজা মণ্ডপে পর্যাপ্ত বিদ্যুৎ, অগ্নি-নিরাপত্তা ও চিকিৎসা সেবার বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আনিছুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের আশ্বাসে পূজা উদ্যাপনে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্বদেশ প্রতিদিন/আরএফ