প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৭:৩৭ PM

ফাইল ছবি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক লাঞ্ছনার দায়ে ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, তাদের আচরণের জন্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত একাডেমিক কার্যক্রম থেকে নির্দিষ্ট মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মো. সালিম শাদমানকে ১ বছরের জন্য এবং সাফওয়ান আহমেদ ইফাজ, শান্ত ইসলাম, মো. রিদয় ও উমার বিন হুসাইনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।
এছাড়া, আরও ৩২ শিক্ষার্থীকে এই ঘটনায় সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এ ধরনের আচরণ পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক বি এম ইকরামুল হক বলেন, “পাঁচ শিক্ষার্থীকে সাজা দেওয়া হয়েছে। একজনকে এক বছর ও চারজনকে ছয় মাস করে বহিষ্কার করা হয়েছে। বাকি ৩২ জনকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদের বিভাগ ও প্রত্যেককে অবহিত করা হয়েছে।”
গত ১৮ ফেব্রুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে সেই কমিটি তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হলে পরবর্তীতে তা বাতিল করা হয়।
এরপর টানা আন্দোলন, অনশন শেষে দীর্ঘ ১৬০ দিন ক্যাম্পাস বন্ধের পর সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ ২ মাসের বিভিন্ন তথ্য ভিডিও ফুটেজ, কারণ দর্শানোর নোটিশ ও শিক্ষার্থীদের উত্তর যাচাই-বাছাই করে। সবকিছু পর্যালোচনার পর ২১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদনসহ অভিযোগনামা কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে পৌঁছায়।