প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১০ পিএম

ছবি: এএফপি
গত রাতের ভারত-পাকিস্তান ম্যাচে শুধু ব্যাট-বলের লড়াইই নয়, মাঠে উত্তেজনার মুহূর্তও চোখে পড়েছে। ভারতের ওপেনার অভিষেক শর্মা এবং পাকিস্তানের পেসার হারিস রউফের মধ্যে পঞ্চম ওভারে দেখা যাওয়া চোখে চোখ লড়াই ও বাগবিতণ্ডা ক্রিকেটপ্রেমীদের মনোযোগ কেড়েছে।
ম্যাচ শুরুর পর থেকেই মাঠে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল। পাকিস্তান ১৭১ রানের লক্ষ্য দিয়েছে, আর ভারতের প্রথম ওভারেই শুবমান গিল ও শাহিন আফ্রিদির মধ্যে কয়েকটি উত্তেজক মুহূর্ত তৈরি হয়, যদিও তা তর্কে পরিণত হয়নি।
তবে পঞ্চম ওভারে পরিস্থিতি চরমে পৌঁছে। শেষ বলে শুবমান গিল চার হাঁকানোর পর কিছু বলেন, তখন রউফও কিছু মন্তব্য করে। সঙ্গে সঙ্গে অভিষেক শর্মা রউফের দিকে এগিয়ে গিয়ে জবাব দেন। মুহূর্তেই দুজনের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ দেখা দেয়, আঙুল তোলা, মুখোমুখি দাঁড়িয়ে লড়াই, দৃশ্যটি এমন যে মনে হচ্ছিল, হাতাহাতিতে রূপ নিতে পারে। পাশে দাঁড়ানো গিলও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন।
দ্রুত হস্তক্ষেপ করে বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল দুজনকে আলাদা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ম্যাচ চলাকালীন এবং পরবর্তী সময়েও অভিষেক ও রউফকে ক্ষুব্ধ অবস্থায় দেখা গেছে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিষেক বলেন, “আজ বিষয়টা খুবই সহজ ছিল। কোনো কারণ ছাড়া তারা আমাদের ওপর এসে পড়ছিল। তখন প্রতিক্রিয়া দেখানোই একমাত্র উপায় ছিল।” ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ভারতকে ৬ উইকেটে জেতানো এই ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই মনোভাব প্রকাশ করেন। চারটি ম্যাচের ছবি পোস্ট করে তিনি লেখেন, “তোমরা কথা বলো, আমরা জিতি।”
স্বদেশ প্রতিদিন/শাহো