প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ পিএম

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন। সেখানে আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অংশ নেবেন। ১৯৬৭ সালের পর প্রথম কোনো সিরিয়ান শীর্ষ নেতা যুক্তরাষ্ট্র সফর করছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) দেশটির সরকারি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। আল-শারার সঙ্গে চারজন মন্ত্রী রয়েছেন। এই সফরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে-যার মধ্যে ওয়াশিংটনে দূতাবাস পুনরায় চালু করাও অন্তর্ভুক্ত।
২৪ সেপ্টেম্বর আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সিবিএস নিউজের সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার জেনিফার জ্যাকবস এই সপ্তাহে বলেছেন, অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার নেতার মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ ও অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসন ও তার পতনের পর শারার নেতৃত্বাধীন জোট গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে।
সেই শারা এবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম