প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৫ AM

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় সনাতন ধর্মালম্বী কিশোর আসামিকে চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফাতার ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশুর বাবার সাথে আরএমও ডা. আবুল কাশেমের অসাদাচারণের উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশো মানুষের অংশগ্রহণে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে বিজয় চত্বর সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর পৌরসভার মুন্সিপাড়ায় ওই শিশুকে ধর্ষণ করে একই এলাকার সনাতন ধর্মালম্বী সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তিন দিন পার হলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন, এতে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি কন্যা শিশুর ওপর এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার না করা হলে দেবীগঞ্জসহ পুরো পঞ্চগড় শাটডাউন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ সমাবেশে ডা. আবুল কাশেমের শাস্তির দাবিও তোলেন মানববন্ধনকারীরা। অভিযোগ করা হয়, শিশুটি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি ধর্ষণের শিকার শিশুটির বাবার সাথে অশালীন আচরণ করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সোস্যাল মিডিয়াতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়, পঞ্চগড় সদর হাসপাতালের আরএমও ডা. আবুল কাশেম পরিবারের স্বজনের সাথে অশালীন কুরুচিপূর্ণ আচরণে কথা বলছেন।
এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে ভুক্তভোগী শিশুর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, অপরাধীদের পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীগঞ্জের সমন্বয়ক ওয়াসিস আলম, খালিদ মাহমুদ সৈকত, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি কামরুল হাসান প্রধান, সদস্য লিয়াকত আলী, প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি’র প্রতিনিধি আসাদুজ্জামান রকি প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমএম