প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৭ AM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (SDC)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘লেটস টক ৩.০’-এর ফাইনাল পর্ব।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের ৩য় তলায় কনফারেন্স রুমে এই প্রোগ্রাম সম্পন্ন হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম আহমেদ রাহি।
এছাড়াও প্রথম রানার আপ হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাসিবুল হক খান অর্ক। আর দ্বিতীয় রানার আপ হয়েছেন দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশকা আলম।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন JKKNIU -SDC ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো. সামিউল ইসলাম সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম জনি।
এছাড়া প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এলাহি বিডি-এর প্রতিষ্ঠাতা ও সিইও (চিফ এক্সিকিউটিভ অফিসার) জুনায়েদ কবির শিহাব, উর্মি গ্রুপ-এর হিউম্যান রিসোর্স প্রফেশনাল মো. ইবনুল হায়দার নাকিব এবং ডিওলিটো-র অ্যাসিস্ট্যান্ট অডিটর মো. জাহিদুল হাসান।
সব উপস্থাপনা শেষে বিচারকমণ্ডলী এবং JKKNIU -SDC এর সভাপতি মো. মোস্তাকিম বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘লেটস টক ৩.০’ সফলভাবে আয়োজন করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। এর মাধ্যমে আমাদের বর্তমান কমিটি মোট ছয়টি ইভেন্ট সম্পন্ন করেছে। আমরা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট, আত্মবিশ্বাস ও নেতৃত্ব চর্চার সুযোগ তৈরি করে যেতে চাই। এটার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি, পাবলিক স্পিকিং -এ দক্ষ করে তোলা এবং নেতৃত্বের মানসিকতা গড়ে তোলা। আমরা চাই শিক্ষার্থীরা যেন ভয় না পেয়ে সবার সামনে নিজেদের ভাবনা ও আইডিয়া তুলে ধরতে পারে। কারণ, যোগাযোগ করার ক্ষমতাই নেতৃত্বের প্রথম ধাপ। আমরা চাই এই আয়োজনকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে।’
পরবর্তীতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় ক্লাবের পক্ষ থেকে প্রদান করা হয় বেস্ট লিডার, ডেডিকেটেড লিডার, বেস্ট অর্গানাইজার এবং ডেডিকেটেড অর্গানাইজার সম্মাননা।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তৃতা ও প্রেজেন্টেশন দক্ষতা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হয় ‘লেটস টক ৩.০’ প্রতিযোগিতা । এতে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান। মোট ৭২ জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই পর্ব ও সেমিফাইনাল পর্ব অতিক্রম করে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন ৮ জন।
স্বদেশ প্রতিদিন/এমএম