প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গা থেকে যশোরগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ঘটেছে এক বিরল ঘটনা। চলন্ত ট্রেনেই জন্ম নিল এক নবজাতক পুত্র সন্তান।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রেশমা শারমিন (২৭) যশোর শহরের শংকরপুরে বাবার বাড়ি যাচ্ছিলেন সন্তান প্রসবের উদ্দেশ্যে। তাঁর সঙ্গে ছিলেন মা মনোয়ারা খাতুন। পরে, দর্শনা স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ প্রসববেদনা শুরু হয় তাঁর। একপর্যায়ে সহযাত্রীদের সহযোগিতায় ট্রেনের ভেতরেই জন্ম নেন ফুটফুটে নবজাতক। খবর দ্রুত পৌঁছে যায় যশোর রেলওয়ে স্টেশনে। বিষয়টি জানার পর আগেই ফায়ার সার্ভিস কর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে প্রস্তুত ছিলেন। পরে দুপুর ১২টার দিকে মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চলন্ত ট্রেনে সন্তান প্রসবের সময় সহযাত্রীদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের কয়েকজনও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন। তাঁরা জানান, সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের দায়িত্ব।
যশোর রেলওয়ের সহকারী মাস্টার জাকিয়া আক্তার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবহনের ব্যবস্থা করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, মা ও শিশুকে দ্রুত লেবার ওয়ার্ডে নেওয়া হয়।
গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রাবেয়া খাতুন জানান, প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রেশমাকে দু’ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন।
স্বদেশ প্রতিদিন/শাহো