প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি
যশোর সদর উপজেলার নড়াইল মহাসড়কের বাউলিয়া বাজার এলাকায় ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তির নাম উত্তম হালদার (৩৯)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলার জীবন হালদারের ছেলে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি অভিযানে অংশ নেয়। এ সময় উত্তম হালদারের ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিদেশি মদ উদ্ধার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকা পাচারের উদ্দেশ্যে মদগুলো নিয়ে যাচ্ছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারত থেকে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এ কারণে বিজিবির অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো