প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার ও সংবিধানের মৌলিক সংস্কার ছাড়া যেনো তেনো নির্বাচন দেওয়া হলে দেশের মানুষ তা মেনে নেবে না। আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার টিটু মিলনায়তনে শহর জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, তবে তার আগে জুলাই সনদের ভিত্তি নিশ্চিত করতে হবে। পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করেছে। এতে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু তার চারপাশে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে। তারা সরকারকে বিভ্রান্ত করছে এবং একটি দলের পকেটে ঢোকানোর চেষ্টা করছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, অধ্যাপক মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম। শহর সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক সঞ্চালনা করেন।
সম্মেলনে প্রায় দেড় হাজার নারী-পুরুষ রুকন অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/শাহো