প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৮ AM

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজ হওয়া তাসনিয়া খাতুন (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের শালবন গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত তাসনিয়া খাতুন শালবন গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বাড়ি থেকে তাসনিয়া নিখোঁজ হয়। এরপর পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
পরবর্তীতে স্থানীয় প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে শিশুটির মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর একরামুল পালিয়ে যায়। তবে গ্রামবাসী তার বাড়ি থেকে এক নারীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠানো হয়েছে। এই ঘটনায় একরামুল ইসলামের স্ত্রীসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করা সম্ভব হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. করিম জানান, এই ঘটনায় আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে এবং মামলা তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ