প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৯ AM

কিছুদিন আগে পৃথিবী ‘ব্লাড মুন’ দেখেছিল। এর কিছুদিন পরই আরেকটি মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী রবিবার একটি সূর্যগ্রহণ সংঘটিত হবে। তবে এই সূর্যগ্রহণ বাংলাদেশে দেখা যাবে না।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সূর্যগ্রহণটির মোট ব্যাপ্তিকাল হবে ৪ ঘণ্টা ২৪ মিনিট। বাংলাদেশ সময় রবিবার রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে এটি শুরু হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে এবং বিকেল ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে সম্পূর্ণ শেষ হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সূর্যগ্রহণ নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে দৃশ্যমান হবে। স্থানীয় সময় অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে বিকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। অ্যান্টার্কটিকার যুমন্ট ডিউরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে স্থানীয় সময় ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে। একইভাবে অ্যান্টার্কটিকার আলেকজেন্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিমে গ্রহণ সম্পূর্ণ হবে স্থানীয় সময় ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে।
এভাবে, দেশের আকাশ থেকে এই মহাজাগতিক ঘটনা দেখা সম্ভব হবে না। তবে বিশ্বব্যাপী কিছু অঞ্চলে এটি সুন্দরভাবে উপভোগ করা যাবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ