প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারত থেকে আনা ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটাপাড়া বিওপির অধীনস্থ একটি টহলদল চেঁচড়া সীমান্তের ২৮৩/২৫-এস নম্বর পিলারের ১ গজ ভেতরে বাংলাদেশ অংশে অবস্থান নেয়। কিছু সময় পর একজন চোরাকারবারিকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করে। এসময় ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে টহলদল বস্তাটি তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস হুইস্কি এবং ১ বোতল ম্যাজিক মোমেন্টস মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে