প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫ AM আপডেট: ১৯.০৯.২০২৫ ১২:৫৭ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে পোষ্য কোটাকে কেন্দ্র করে। শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্য কোটা পুনর্বহাল করায় এবার ন্যূনতম ৪০ নম্বর পেলে ভর্তির সুযোগ মিলবে। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন জানান, শিক্ষার্থীদের জন্য সুবিধা শুধুমাত্র ৪০ নম্বর পাস করা ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। তবে শিক্ষক সন্তানরা নিজ বিভাগে ভর্তি হতে পারবে না এবং আবাসিক সুবিধাও পাবেন না। ভর্তি কমিটি এ সুবিধা কেবল এই বছরের জন্য দিয়েছে।
পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা রাতেই উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। এতে রাকসু নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও অংশ নেন। বৃষ্টির মধ্যে তারা দাবি জানান যে, কোটা পুনর্বহাল নির্বাচন বানচালের ষড়যন্ত্র।
শিবির সভাপতি ও ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান বলেন, “নির্বাচনের আগ মুহূর্তে পোষ্য কোটা পুনর্বহাল একটি ষড়যন্ত্রমূলক হাতিয়ার। আমরা কোনোভাবেই নির্বাচন আটকাতে দেবো না।”
ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা বলেন, গণঅভ্যুত্থানের পর পোষ্য কোটার নৈতিক মানদণ্ড নেই। নির্বাচনের আগ-মূহুর্তে এ ধরনের সিদ্ধান্ত ষড়যন্ত্রমূলক এবং প্রতিহত করতে হবে।
এর আগে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটামে তিন দফা দাবির জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন। গত মাসেও তারা কয়েক দফা কর্মবিরতি পালন করেছেন। শিক্ষার্থীরা এ অবস্থার বিরুদ্ধে পাল্টা আন্দোলন চালাচ্ছেন।
উপাচার্য ঘেরাও এবং পোষ্য কোটাকে কেন্দ্র করে রাবির পরিস্থিতি এখনো উত্তপ্ত। আন্দোলনের পরবর্তী কর্মসূচি সভার মাধ্যমে ঠিক করা হবে, যদিও রাকসু নির্বাচন সামনে থাকায় প্রত্যাহারের সম্ভাবনা কম।
স্বদেশ প্রতিদিন/ আরএফ