প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৯ AM আপডেট: ১৯.০৯.২০২৫ ১২:৩৪ এএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের আদালতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামান-এর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে।
আবেদনটি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিনিয়র মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) আবদুর রহমান-এর আদালতে করা হয়। শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন আদালত।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, দুদকের একাধিক মামলার আসামি এই দম্পতির বিরুদ্ধে রেড নোটিশের জন্য আবেদন করা হয়েছে।
সাইফুজ্জামান ও রুকমিলা জামানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছিল আগের আওয়ামী লীগ সরকারের শাসনামলে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের উপ-পরিচালক মশিউর রহমান-কে।
চলতি বছরের ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে ২০ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলা দায়ের করা হয়। আদালতের আদেশে তাদের যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি এবং অন্যান্য দেশে স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। এছাড়া ৩৯টি ব্যাংক হিসাব, ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৭ অক্টোবর আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। এখন রেড নোটিশের আবেদন কার্যকর হলে আন্তর্জাতিক পর্যায়েও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ