প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৬ পিএম

মাদারীপুরের ডাসার উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২-নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার নাঈম মল্লিকের ছেলে- হাফিজুল (৮) ও হামজা (৫)।
পুলিশ ও স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় বাড়ির উঠানে খেলছিল হাফিজুল ও হামজা। একপর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পানিতে তলিয়ে গিয়ে আর উঠতে পারেনি তারা। পরে রাত ৮টার দিকে স্থানীয়রা দুই শিশুকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই সহোদরের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের আত্মীয়রা বলেন, একসঙ্গে আপন দুই ভাইয়ের এমন মৃত্যু খুবই মর্মান্তিক ও দুঃখজনক।
এ বিষয়ে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম