প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০২ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৩:১৪ PM

রংপুরের মিঠাপুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে রবিউল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ৯-নং ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকি গ্রামের বাসিন্দা। নিহত যুবক দুই সন্তানের বাবা ছিলেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে তিনি হেলেঞ্চা বনবিট এলাকা সংলগ্ন একটি জলাশয়ে মাছ ধরতে যান। এ সময় তিনি সাপের আক্রমণের শিকার হন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো হেলেঞ্চা বনবিট সংলগ্ন একটি জলাশয়ে তিনি মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। তিনি সাপের কামর বুঝতে না পারায় তেমন গুরুত্বারোপ না করে মাছ শিকারে ব্যস্ত থাকেন। এতে সাপের বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পরে তিনি অসুস্থ বোধ করলে সকাল ৬টার দিকে বাড়ি ফিরে যান। পরিবারের সদস্যদের তিনি সাপের কামড়ের বিষয়টি জানান এবং বলেন তার সমস্ত শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ছে। এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহতের ভাই সাদ্দাম হোসেন বলেন, ‘ভাই বাড়িতে ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা কিছু বোঝার আগেই তার মৃত্যু হয়। পরে বুধবার সন্ধ্যায় আমরা তার দাফনকাজ সম্পূর্ণ করি।’
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেবুল হোসেন রুপম জানান, সাপের কামড়ের যথেষ্ট এন্টিভেনম আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। রোগীকে সঠিক সময়ে ভর্তি করাতে পারলে হয়তো তাঁকে বাঁচানো সম্ভব হতো।
স্বদেশ প্রতিদিন/এমএম