প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৭ পিএম

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উদ্ভাবনী শক্তি তুলে ধরতে চাঁদপুর মেডিকেল কলেজে আয়োজিত দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনের ছাদে মনোরম পরিবেশে এ সমাপনী অনুষ্ঠান হয়।
সম্মেলনে নির্ধারিত বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন শিক্ষকেরা। এতে কলেজের সব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেলা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান ও প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমান।
অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন বলেন, মেলায় শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের প্রতিটি উপস্থাপনা ছিল অসাধারণ। তাদের কাজ দেখে মনে হয়েছে, আমাদের সময়ের তুলনায় তারা অনেক এগিয়ে। আমরা চাই তারা আমাদের ছাড়িয়ে যাক। সব প্রজেক্টই ছিল সিলেবাসের অন্তর্ভুক্ত। সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ।
অনুষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও তত্ত্বাবধায়ককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আদিবা ও উর্বি। বৈজ্ঞানিক সম্মেলন যৌথভাবে পরিচালনা করেন প্রভাষক ডা. কামরুল হাসান, ডা. খাদিজা খানম ও ডা. সেতু।
বিজ্ঞান মেলায় ফিজিওলজি বিভাগ প্রথম, প্যাথলজি বিভাগ দ্বিতীয় ও অর্থোপেডিক বিভাগ তৃতীয় স্থান অর্জন করে। মেলায় অংশগ্রহণকারী ২২টি স্টলের ২২ জন সুপারভাইজর ও ১১০ জন শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়। এছাড়া বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণকারী ১২ জন শিক্ষককে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর