প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম

পিরোজপুরের কাউখালী উপজেলা সমাজসেবা অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট দেখা দিয়েছে, ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগীরা।
অফিস সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা অফিসে মোট ১১টি পদ থাকা সত্ত্বেও ৮টি পদ শূন্য রয়েছে। শূন্য পদগুলোর মধ্যে রয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সহকারী সমাজসেবা কর্মকর্তা, দুইজন ইউনিয়ন সমাজকর্মী, দুইজন কারিগরি প্রশিক্ষক, একজন অফিস সহায়ক এবং একজন নৈশ প্রহরী। এই গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন খালি থাকায় অফিসের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারছে না।
২০২৪ সালের ২ সেপ্টেম্বর সর্বশেষ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির অন্যত্র বদলি হওয়ার পর, বর্তমানে পিরোজপুর সদরের সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। জনবল সংকটের কারণে ঋণ সংক্রান্ত এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিজেই পিয়নের কাজসহ অন্যান্য দাপ্তরিক কাজ করতে হচ্ছে। এছাড়া নৈশ প্রহরী না থাকার কারণে অফিসের নিরাপত্তার অভাবও দেখা দিয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানান, জনবল সংকটের কারণে সময়সূচি অনুযায়ী অফিসিয়াল কার্যক্রমে কিছুটা বিঘ্ন তৈরি হচ্ছে। সঠিক উপকারভোগীদের যাচাই-বাছাই ও সেবা প্রদানে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুর জেলা উপ-পরিচালক ইকবাল করিম বলেন, জনবল সংকটের বিষয়টি আমার জানা আছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর