প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মূল্য তালিকা না রাখা এবং বিক্রির জন্য পচা মাংস সংরক্ষণের অপরাধে চাঁদপুরের মতলবে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব ও মুন্সিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান নেতৃত্ব দেন এবং এ সময় সেনাবাহিনীর একটি দল সহায়তা করে।
অভিযানে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়,
মুন্সিরহাট বাজারে মূল্য তালিকা না থাকায় আব্দুল হাই স্টোর মালিককে ৩ হাজার টাকা, গাজী ট্রেডার্স মালিককে ২ হাজার টাকা জরিমানা। মতলব বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ভাই ভাই হোটেল এন্ড কেবিন মালিককে ১০ হাজার, আদি গান্ধি ঘোষকে ২০ হাজার, ঘোষ কেবিনকে ৩০ হাজার, মুসলিম সুইট মিট মালিককে ৫ হাজার টাকা জরিমানা।মূল্য তালিকা না থাকায় দেলোয়ার হোটেল মালিককে ৫ হাজার টাকা। নষ্ট ও পচা মাংস ফ্রিজে সংরক্ষণের অপরাধে বাবুল মাংসের দোকানকে ৫ হাজার টাকা।
মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার টাকা।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট-পোস্টার বিতরণ করা হয়।
অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম ও সেনাবাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।
স্বদেশ প্রতিদিন/শাহো