প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৪ AM

সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিন ক্লাস-পরীক্ষা ও অফিস সমূহ বন্ধ থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। ১৯৫৩ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছে ১৯৮৯ সালে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর কারণে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগের সেবা যেমন- পানি, বিদ্যুৎ, চিকিৎসা, নিরাপত্তা ব্যবস্থা, এবং টেলিফোন সেবা চলমান থাকবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, নির্বাচন উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হবে ক্যাম্পাসের ভেতর ও বাইরে। থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে প্রতিটি গেটে থাকবে র্যাব ও বিজিবি সদস্যরা।