প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২০ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ৯:২৭ PM

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মলাইশ বান্নিঘাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া-মলাইশ-গাজিপুর এলাকার যুবকবৃন্দের উদ্যোগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
বুড্ডা নদীর ঘাট থেকে মলাইশ নদীর ঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড় ছিল। নদীতে ভাড়া করা অসংখ্য নৌকায় দর্শকরা উপস্থিত হন। নারীদের বিপুল উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল।
আয়োজক কমিটির সভাপতি মেহরাজ আহমেদ জানান, বুল্লা থেকে দুইটি, এক্তারপুর থেকে দুইটি, ক্ষেমতাপুর থেকে একটি ও বুড্ডা থেকে একটি নৌকা এই বাইচে অংশগ্রহণ করে। মনোমুগ্ধকর নৌকা বাইচে ক্ষেমতাপুরের শাপলা বয়েজ ক্লাব বিজয়ী হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে বুল্লার ফুল ইসলাম ও বাসু মিয়া।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাসুদ রানা।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ, ২য় স্থান অর্জনকারী দলকে টিভি এবং তৃতীয় স্থান অর্জনকারী দলের হাতে রাইস কুকার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল দলের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ