প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম

প্রতিষ্ঠার পর এই প্রথম শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি তুলে ধরতে চাঁদপুর মেডিকেল কলেজে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনের ছাদে আয়োজিত মেলায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়গুলো দলভিত্তিকভাবে প্রদর্শিত হয় এবং দল প্রধানরা এগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
মেলায় মোট ২১টি স্টলে বিভিন্ন প্রেজেন্টেশন প্রদর্শিত হয়। শিক্ষকদের পাশাপাশি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকরাও শিক্ষার্থীদের প্রেজেন্টেশন পরিদর্শন করে মূল্যায়ন করেন। তৃতীয় ব্যাচের শিক্ষার্থী রবিউল হাসান বলেন, তাদের প্রেজেন্টেশন নবজাতকের শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা ও তা দ্রুত সমাধানের উপায় নিয়ে।
চতুর্থ ব্যাচের সাইদুল ইসলাম জানায়, তারা মোবাইল ব্যবহারকারীদের মধ্যে দেখা সমস্যা ও তার সমাধান নিয়ে প্রেজেন্টেশন করেছেন। তৃতীয় ব্যাচের সাদিয়া জাহান বলেন, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে রোগীকে সাহায্য করতে পারে তা তুলে ধরেছেন।
কলেজের উপাধ্যক্ষ ড. হারুন অর রশিদ বলেন, সীমিত পরিবেশের মধ্যেও শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এতে উপকৃত হবে। মূল্যায়ন শেষে বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হবে। তিনি আরও জানান, কলেজের মূল ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু হবে এবং শিক্ষার্থীরা নিজস্ব ক্যাম্পাস পাবেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ