প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ৩:২৬ PM

ফাইল ছবি
রাজউক মন্ত্রী-এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের প্লট দেওয়ার স্বার্থে পূর্বাচলে বনভূমি কেটে ফেলেছে বলে অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি মনে করেন, এর ফলে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা আজও বহাল আছে। তাছাড়া বন কেটে তৈরি করা প্লটগুলোর অধিকাংশই এখনো ব্যবহার হয়নি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত ‘একটি টেকসই জীবন: বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির ওপর তাপের প্রভাব’ শীর্ষক প্রতিবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, তথাকথিত ক্ষমতাবানদের স্বার্থ রক্ষার জন্য রাজউক পরিকল্পিতভাবে ক্ষতি করেছে। ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রণয়নের সময়ও ব্যবসায়ী মহল নিজেদের সুবিধার জন্য এর বিরোধিতা করেছে।
তিনি আরও উল্লেখ করেন, ভবন নির্মাণের পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব রাজউকেরই হওয়া উচিত। তবে রাজউক যখনই সঠিক পরিকল্পনা নিতে চায়, তখনই ব্যবসায়ীরা ব্যক্তিস্বার্থে বাধা সৃষ্টি করে।
অন্যদিকে, অনুষ্ঠানে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, গত ৪৩ বছরে বাংলাদেশের গড় তাপমাত্রা ১ দশমিক ১ ডিগ্রি বেড়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা, যেখানে তাপসূচক জাতীয় গড়ের চেয়ে ৬৫ শতাংশ বেশি। সবুজ এলাকা কমে যাওয়া এবং জীবনযাত্রার পরিবর্তনকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, অতিরিক্ত তাপমাত্রার কারণে ২০২৪ সালে বাংলাদেশে শারীরিক ও মানসিক কারণে প্রায় ২৫ মিলিয়ন কর্মদিবস নষ্ট হয়েছে, যার অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। বিশ্বব্যাংকের মতে, ২০৫০ সাল নাগাদ অতিরিক্ত তাপমাত্রা দারিদ্র্য হ্রাস এবং কর্মসংস্থান সৃষ্টির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
স্বদেশ প্রতিদিন/শাহো